এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার উন্নতি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২
উন্নত চিকিত্সার জন্য গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী। মূলত সেখানে হরমোনজনিত সমস্যার চিকিত্সা নিতে গেলে, পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। আড়াই মাসের চিকিত্সায় গুণী এই শিল্পীর অবস্থা এখন বেশ ভালোর দিকে- এমনটাই জানিয়েছেন গুণী এই শিল্পীর শিষ্য সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।
এন্ড্রু কিশোরের সঙ্গে আলাপ করে তার শারীরিক অবস্থা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ও ছবি প্রকাশ করেছেন মোমিন। তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর তিনি (এন্ড্রু কিশোর), তার স্ত্রী (লিপিকা এন্ড্রু) এবং সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ সিঙ্গাপুরে যান। ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ১৮ সেপ্টেম্বর তার বায়োপসি রিপোর্ট পাওয়া যায় এবং তার শরীরে ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়। অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘকালীন এ চিকিত্সার তেমন কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত তার চিকিত্সা শুরু হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডাক্তার লিমসুন থাই এর তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন। এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। আর আগামী ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে। তার এ চিকিত্সা আরও তিনমাস চলবে বলে জানান ডাক্তাররা।’

