চ্যারিটেবল দুর্নীতি মামলা খালেদার জামিনের শুনানি বৃহস্পতিবার

চ্যারিটেবল দুর্নীতি মামলা খালেদার জামিনের শুনানি বৃহস্পতিবার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মওদুদ আহমদ। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। পরে জয়নুল আবেদীন বলেন, ‘আজ (সোমবার) খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ ছিল। কিন্তু আপিল আদালত তাদের সব বিচারপতিকে (সাত সদস্যের) নিয়ে আবেদনটির ওপর শুনানি করবেন বলে আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন।’

খালেদা জিয়া জামিন পাবেন: খালেদা জিয়া আগামী বৃহস্পতিবার জামিন পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘বাংলাদেশে যদি কোন ন্যায় বিচার থাকে, বেগম খালেদা জিয়া হয়ত বৃহস্পতিবার জামিন পাবেন।’ এদিন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  এর আগে চ্যারিটেবল মামলায় গত ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন। এরপর গত ১৪ নভেম্বর হাইকোর্টের খারিজাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১৪০১ পৃষ্ঠার ওই আপিল আবেদন দাখিল করা হয়।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে অর্থদণ্ড স্থগিত এবং সম্পত্তি জব্দের ওপর স্থিতাবস্থা দিয়ে দুই মাসের মধ্যে ওই মামলার নথি তলব করেছিলেন। এরপর ২০ জুন বিচারিক আদালত থেকে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়। ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading