দুই বাংলার নাট্যমেলায় আমরা তিনজন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী দুই বাংলার নাট্যমেলা। এটি শেষ হবে ১৪ ডিসেম্বর। এ উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে লোক নাট্যদলের নতুন নাটক ‘আমরা তিনজন’। বুদ্ধদেব বসু’র গল্পে নাটকটির নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। ১৯২৭ সালের ঢাকার পুরানা পল্টনের একটি ঘটনাকে ঘিরে ‘আমরা তিনজন’ গল্পটি লিখেছিলেন বুদ্ধদেব বসু। বিকাশ, অসিত ও হিতাংশু তিন বন্ধু। দিনের বেশিরভাগ সময় একসঙ্গে থাকে, যতটা এবং যতক্ষণ থাকা সম্ভব। তিনবন্ধুই এক তরুণীর প্রেমে পড়ে। নাম তার অন্তরা, বাড়ির সবাই ডাকে তরু বলে। এই মেয়েটিকে ঘিরেই সারাক্ষণ তিনবন্ধুর নানারকম জল্পনা-কল্পনা, কথাবার্তা, ভাবনা, ইত্যাদি। বর্তমান সময়ে বসে ১৯২৭ সালের গল্পটা বলেছেন বিকাশ। অন্তরাকে ঘিরে তাদের প্রেম, ভালোবাসা ও বিষাদগাঁথা উঠে আসে তার বর্ণনায়। নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের নতুন মুখ অনন্যা নিশী। এর আগে লোক নাট্যদলের ‘কঞ্জুষ’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। নাটকটি প্রসঙ্গে নিদের্শক বলেন, ‘যখন যে কাজটি করি, মনে হয় এটিই আমার প্রিয় কাজ, সেটি হয়ে ওঠে অনেক যত্নের, অনেক ভালোবাসার। ‘আমরা তিনজন’ নাটকের বেলাও তাই হয়েছে। সময়ের ফাঁকে ফাঁকে গল্পটা নিয়ে স্বপ্ন দেখি, কল্পনার রাজ্যে বিচরণ করি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মাস্উদ সুমন, মূসা রুবেল, ফজলুল হক, স্বদেশ রঞ্জন দাস গুপ্ত, জিয়া উদ্দিন শিপন, সোনিয়া আক্তার, শিশির কুমার রায়, অঙ্কিত বিপুল, আলী আজম এবং লিয়াকত আলী লাকী। এছাড়া মঞ্চ ব্যবস্থাপনা অঙ্কিত বিপুল, ব্যবস্থাপনা সহযোগী শিশির কুমার রায়, সেট সুজন মাহাবুব আলোক পরিকল্পনায় নাসিরুল হক খোকন, আবহ সংগীতে ইমামুর রশীদ, পোষাকে মেহজাবীন মুমু, প্রপসে অঙ্কিত বিপুল, পোস্টার ডিজাইনে আনিসুজ্জামান সোহেল, সংগীত পরিকল্পনা ও নির্দেশনায় থাকছেন লিয়াকত আলী লাকী।

