দেশে ফিরেছেন ক্রিকেটাররা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪
ইন্ডিয়া সফরের শুরুটা ভালো হলেও শেষটা হয়েছে হতাশায়। সেই হতাশা কাটিয়ে দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরলেন ক্রিকেটাররা। কলকাতায় গত রবিবার (২৪ নভেম্বর) শেষ টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর দেশের ফিরেন অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন। বাকিরা ফিরেছেন গতকাল সোমবার (২৫ নভেম্বর)। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট কলকাতা থেকে যান নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। কলকাতা টেস্টের প্রথম দিন শেষেই নিজ দেশ নিউজিল্যান্ডে উড়াল দেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ছাড়া খেলতে গিয়ে শুরুতেই সবাইকে চমকে দিয়েছিল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতেই হারিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে। যেটি এই ফরম্যাটে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। সিরিজ জয়েরও দারুণ সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে হেরে যায় মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলা বাংলাদেশ। আর টেস্টে বিরাট কোহলির ইন্ডিয়ার সামনে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি মুমিনুলের বাংলাদেশ। দুই টেস্টেই বাংলাদেশ হেরেছে তিন দিনের মধ্যে এবং ইনিংস ব্যবধানে। ইন্দোরে প্রথম টেস্ট ইনিংস ও ১৩০ রানে, কলকাতায় গোলাপি বলের টেস্ট ইনিংস ও ৪৬ রানে হারে সফরকারীরা।

