সজীব ওয়াজেদ জয় রংপুর জেলা আ.লীগের ১ নম্বর সদস্য নির্বাচিত
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২
বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াাজেদ জয় এক নম্বর সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সভাপতি পদে এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও, একইদিনে অনুষ্ঠিত আওয়ামী লীগের রংপুর মহানগর শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে বর্তমান সভাপতি ষাফিউর রহমান সফি এবং বর্তমান সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুসারে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগনের নাম ঘোষণা করেন। সম্মেলন গুলোতে এই চারটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন প্রতিটি পদের জন্য একক প্রার্থীর পক্ষে ঐক্যমতে পৌছাতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন এবং আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তা উপস্থিত ছিলেন। কাউন্সিলের পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু গণমাধ্যমকে বলেন, সজীব ওয়াজেদ জয়কে জেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করায় রংপুর অঞ্চলের সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হবে।

