রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের প্রতি ফ্রান্সের সমর্থন অব্যাহত থাকবে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৪
বাংলাদেশে ফ্রান্সের নব-নিযুক্ত রাষ্ট্র দূত বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। ফ্রান্সের নব-নিযুক্ত রাষ্ট্রদূত জিন-ম্যারিন সুও গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ফান্স বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।’ বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। ফ্রান্সের টেকসই জ্বালানি নীতির কথা উল্লেখ করে রাষ্টদূত বলেন, তারা বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী। স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ উেক্ষপনে বাংলাদেশকে সহযোগিতার বিষয়েও তিনি আকাঙ্খা ব্যক্ত করেন। তিনি পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সঙ্গে তার দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আগ্রহ দেখান। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকার ভূয়শী প্রশংসা করে ফরাসি রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার সাম্প্রতিক ঘুর্ণিঝড় ‘বুলবুল’র সময়ে উপকূলীয় এলাকা থেকে ২২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশের বনাঞ্চল বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। বৈঠকে সুনীল অর্থনীতির সম্ভাবনা, নদী খনন এবং লিঙ্গ সমতার বিষয়েও আলোচনা হয় বলে প্রেস সচিব জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

