সাইফ চন্দনের ওস্তাদ কেন্দ্রীয় চরিত্রে রোশান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২
আলোচিত নির্মাতা ও অভিনেতা সাইফ চন্দন। চলতি বছরে মুক্তি পেয়েছে তার নির্মিত ছবি ‘আব্বাস’। মুক্তির পর ছবিটির প্রশংসা করেন চলচ্চিত্রবোদ্ধারা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন ছবি নিয়ে হাজির সাইফ চন্দন। ছবির নাম ‘ওস্তাদ’। কিছুদিন আগেই জানিয়েছিলেন সে কথা। তবে জানাননি, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কারা। অবশেষে জানা গেল সেই নাম। ‘ওস্তাদ’এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘বেপরোয়া’ খ্যাত অভিনেতা জিয়াউল রোশান। পুরান ঢাকায় বেড়ে ওঠা এক উগ্র ছেলের চরিত্রে অভিনয় করবেন রোশান। তবে এখন জানাননি কে হচ্ছেন এই ছবির নায়িকা। এ প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘আব্বাস’ ছবির পর ‘ওস্তাদ’ আসছে। ‘আব্বাস’এর গল্প ছিল পুরাণ ঢাকার। এবারও তেমন কিছু হবে-ভাবলে ভুল করবে চলচ্চিত্র প্রেমীরা। এবারের পরিসর আরও একটু বড়। আজ (গতকাল) থেকে ছবিটির শুটিং হয়েছে পুরান ঢাকায়। প্রথম দিনের শুটিং এ অংশ নিয়েছে রোশান। রোশান প্রসঙ্গে সাইফ বলেন, আপনারা দেখবেন যে, এখন পর্যন্ত আমার নির্মিত ছবিগুলোতে আমি নায়ক-নায়িকা ক্ষেত্রে ভিন্নতা রেখেছি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ওস্তাদে কাজ করছি রোশানকে নিয়ে। ওকে (রোশানকে) পছন্দ করার তিনটি কারণ রয়েছে। এক হচ্ছে তার কণ্ঠ, দুই লুক আর তিন হচ্ছে তার আগ্রহ। একজন মানুষের আগ্রহ না থাকলে, তাকে দিয়ে অভিনয় করানো যায় না। রোশান এ বিষয়ে অনেক সিরিয়াস। কাজের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। সেই সঙ্গে চরিত্রের মধ্যে ঢুকে যাওয়ার একটা ক্ষমতা রয়েছে তার মধ্যে। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ঢাকাই সিনেমায় পা রাখেন রোশান। প্রথম ছবিতেই তার বিপরীতে অভিনয় করেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। পা রাখেন কলকাতার ছবিতেও। অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে। বর্তমানে মুক্তি অপেক্ষায় রয়েছে তার অভিনীত ছবি ‘মেকআপ’। যেটি নির্মাণ করেছেন আনন্য মামুন।

