বুদ্ধদেব বসুর স্মরণে মঞ্চে ‘রাত ভরে বৃষ্টি’

বুদ্ধদেব বসুর স্মরণে মঞ্চে ‘রাত ভরে বৃষ্টি’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪

একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব বসু। একাধারে তিনি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। আগামী ৩০ নভেম্বর সেই খ্যাতিমান বাঙালি সাহিত্যিকের ১১০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ (২৮ নভেম্বর) রাজধানীর নাটকসরণি-খ্যাত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নতুন নাটক ‘রাত ভরে বৃষ্টি’। বিশেষ এই আয়োজনটি করছে মঞ্চের নবীনতম দুই নাট্যদল অনুস্বর এবং আপস্টেজ। বুদ্ধদেব বসুর ‘রাত ভরে বৃষ্টি’ উপন্যাস অবলম্বনে একই নামে নাটকটি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন প্রতিভাবান মঞ্চতরুণ সাইফ সুমন। নাটকে মণিমালা চরিত্রে অভিনয় করছেন কাজী রোকসানা রুমা, অংশু চরিত্রে প্রশান্ত হালদার এবং জয় চরিত্রটি রূপদান করেছেন সাথী রঞ্জন দে। বিয়ে ও সংসার নামের যৌথ প্রতিষ্ঠানের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপোড়েনের গল্পে আবৃত হয়েছে ‘রাত ভরে বৃষ্টি’। মনিমালা, অংশু ও তাদের বন্ধু জয় এখানে শুধুই তিনটি চরিত্র নয়, বরং প্রচলিত যৌন নৈতিকতার প্রথাগত মূল্যবোধের সঙ্গে ক্রমাগত লড়ে চলা মানুষও তারা। মধ্যবিত্ত সমাজজীবনে স্বামী-স্ত্রী বা বিবাহিত নারী-পুরুষের দাম্পত্য সম্পর্কের নানা জটিলতার সঙ্গে বিশ্বাস-অবিশ্বাসের সংশয় নিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি। এতে বলা হয়েছে সমাজের মধ্যবিত্ত শ্রেণির মানুষের দাম্পত্য জীবনের মানসিক ও জৈবিক টানাপড়েন এবং তাদের না বলা কথা। নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছেন অসিত কুমার। অম্লান বিশ্বাসের আলোক পরিকল্পনায় নাটকের পোশাক পরিকল্পনা করেছেন রুনা কাঞ্চন এবং মঞ্চ পরিকল্পনা, দলের লোগো, পোস্টার ও প্রকাশনায় রয়েছেন শাকিল সিদ্ধার্থ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading