এমপি লিটন হত্যা মামলার রায়

এমপি লিটন হত্যা মামলার রায়

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২২

সাবেক এমপি কাদেরসহ ৭ আসামির ফাঁসি

আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক আরেক এমপিসহ ৭ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন বিচারিক আদালত। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। রায়ের সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটে অভিযুক্ত আট আসামির মধ্যে মৃত একজনকে ছাড়া বাকিদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাবেক এমপি আবদুল কাদের খান, তার পিএস শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদি, গৃহকর্মী শাহীন, রানা ও চন্দন কুমার। হত্যাকাণ্ডে অভিযুক্ত আটজন আসামির মধ্যে কসাই সুবল কারাগারে অসুস্থ হয়ে আগেই মারা যান। আর চন্দন কুমার ইন্ডিয়ায় পলাতক রয়েছেন।  এর আগে গত ১৯ নভেম্বর গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি খণ্ডন শেষে বিচারক রায়ের দিন ধার্য করেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গার (মাস্টারপাড়া) গ্রামের নিজবাড়িতে খুন হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ক্ষমতাসীন দলের এমপি লিটন। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে পালিয়ে যায়। সেই হত্যাকাণ্ডের দুই বছর ১১ মাসের মাথায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় হলো। হত্যার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানসহ ৮ জন অভিযুক্ত হন। গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বলেন, ‘এই হত্যাকাণ্ড যে পরিকল্পিত ছিল তা মামলার সাক্ষ্য-প্রমাণ, আসামিদের স্বীকারোক্তি ও যুক্তিতর্কে প্রমাণ হয়েছে।’ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্বজনসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায়ের পর কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি বলেন, ‘লিটনকে হারিয়ে যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হবে না। ঘটনার প্রায় তিন বছর পর আদালতে ন্যায়বিচার পেলাম। খুনিদের সর্বোচ্চ শাস্তিতে আমরা খুশি। পলাতক আসামি চন্দনকে গ্রেফতার করে দেশে এনে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাই।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ‘চাঞ্চল্যকর এ হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রত্যেকের অপরাধ বিবেচনা করেই আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। মামলার রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় এ রায় নজির হয়ে থাকবে।’ অন্যদিকে রায়ে ক্ষোভ প্রকাশ করেন আসামিদের স্বজন ও আইনজীবীরা। এ রায় প্রত্যাখ্যান করে আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, ‘আদালতে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো আমরা।’ তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল হামিদ বলেন, ‘লিটনকে যেমন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তেমনি এ মামলায় আসামি কাদের খানকে ফাঁসানো হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো আমরা।’

২০১৬ সালের ৩১ ডিসেম্বর মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পরদিন ১ জানুযারি অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েন করেন লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী। পরে অধিকতর তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল ডা. আবদুল কাদের খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। ২০১৮ সালের ৮ এপ্রিল থেকে আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়, শেষ হয় গত ৩১ অক্টোবর। মামলার বাদী ও নিহতের স্ত্রীসহ ৫৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। গত ১৮ ও ১৯ নভেম্বর জেলা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক গ্রহণ করেন। লিটন হত্যাকাণ্ডের পর ক্লু উদ্ধারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু আড়াই মাসেও কোনও কূল-কিনারা করা যাচ্ছিলো না। পরে হত্যাকাণ্ডে ব্যবহ্নত একটি পিস্তুলের ফেলে যাওয়া ম্যাগজিনের সূত্র ধরেই হত্যার রহস্য উন্মোচন করা হয়। এরপর ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়ার বাসা থেকে হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) আবদুল কাদের খানকে গ্রেফতার করে পুলিশ। কাদের খানের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যায় অংশ নেওয়া কিলারদের শনাক্ত ও তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামি কাদের খানসহ ছয় আসামি গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন। আসামিরা হলেন, কাদের খানের পিএস শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা মিয়া। তবে আসামি কসাই সুবল চন্দ্রের মৃত্যু হয়েছে এবং অপর আসামি চন্দন কুমার ভারতে পালিয়েছে। এছাড়া লিটন হত্যার ঘটনায় অস্ত্র আইন মামলায় চলতি বছরের গত ১১ এপ্রিল আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading