মহিলা সমিতিতে শত নারী এক পুরুষ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২
আগামীকাল (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চস্থ হবে রঙ্গনা নাট্যগোষ্ঠীর ১৮তম প্রযোজনা ‘শত নারী এক পুরুষ’। সিরাজ হায়দার রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন হাসান হাফজুির রহমান। নাটকটির প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন ইউসুফ কাদার বাবু ও মোহাম্মদ কিবরিয়া। মো. সেলিমের সেটে সবুজ ভূঁইয়ার আলোক প্রক্ষেপণে নাটকটির আবহ সঙ্গীতে রয়েছেন বিকাশ। ধর্মের নামে কুসংস্কার আচ্ছন্ন গ্রাম-বাংলার হিল্লা বিবাহকে উপজীব্য করে আবৃত হয়েছে নাটকটির কাহিনি। গ্রামের সহজ সরল যুবক ও তার নববিবাহিতা স্ত্রীর ভালোবাসাময় জীবন কেমন করে গ্রাম্য নোংরা রাজনীতির শিকার হয়ে বিচ্ছেদের কালো ছায়ায় পতিত হয়, সেই চিত্রই ফুটে উঠেছে এই নাটকে। দীর্ঘকাল থেকে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চলমান ধর্মীয় গোড়ামী ছাপিয়ে দেওয়ার পাশাপাশি সমাজের প্রভাবশালী মহলের হীন মানসিকতার বাস্তব এক সত্যকে সুনিপুণ শিল্পালোয়ে তুলে ধরার আপ্রাণ প্রয়াস রয়েছে এই নাটকে। সেই সঙ্গে হাস্যরসাত্মক সংলাপের মধ্য দিয়ে উঠে আসে গ্রাম্য জীবনের নানান অসঙ্গতি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন হাসান হাফিজুর রহমান বাবলা, মোহাম্মদ কিবরিয়া, লিয়াকত আলী খান, জিয়াউল হাসান জিয়া, পাপিয়া, বনশ্রী, কণা, তমা আহমেদ, শহীদ, মিলন, শামীম, ইমরান, সুজন এবং খোরশেদ আলম ইমন। এটি নাটকটির ৫ম প্রদর্শনী। এর আগে সর্বশেষ গত ৩ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় নাটকটির ৪র্থ মঞ্চায়ন।

