পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা টেস্ট দল
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজনের পর নিরাপত্তা ব্যবস্থায় হয়তো শ্রীলঙ্কার আস্থা অর্জন করেছে পাকিস্তান। সেটারই ইঙ্গিত পাওয়া গেলো লঙ্কানদের টেস্ট দল ঘোষণায়। দিমুথ করুণারত্নের নেতৃত্বে দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের মতো অভিজ্ঞদের রেখে দুই ম্যাচের দল নির্বাচন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ৮ ডিসেম্বর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে শক্তিশালী শ্রীলঙ্কা দল। নিউজিল্যান্ডের বিপক্ষে গত আগস্টে দ্বিতীয় টেস্ট খেলা দলে একটি পরিবর্তন এসেছে। লেগস্পিনার আকিলা ধনঞ্জয়ার বদলে ঢুকেছেন ডানহাতি ফাস্ট বোলার কাসুন রাজিথা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এক বছর নিষিদ্ধ আকিলা। আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে দুই দলের ম্যাচ দিয়ে এক দশকেরও বেশি সময় পর টেস্ট ফিরছে পাকিস্তানে। ২০০৯ সালের মার্চে লাহোর টেস্টের তৃতীয় দিন হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর আর কখনও পাঁচ দিনের ক্রিকেট হয়নি দেশটিতে। করাচিতে ১৯ ডিসেম্বর হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কুশর পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাকশান সান্দাকান।

