শ্রীলঙ্কাকে ৪৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মোদির
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
শ্রীলঙ্কাকে ৪৫০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৮১৯ কোটি ৩০ লাখ ২১ হাজার টাকা। গত শুক্রবার চীনপন্থী হিসেবে পরিচিত শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে-র ভারত সফরকালে এ সহায়তার ঘোষণা দেন মোদি। এ অর্থ দেশটিকে ঋণ হিসেবে দেওয়া হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, তিন দিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছান গোটাবায়া রাজাপক্ষে। প্রেসিডেন্ট হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর। আর প্রথম সফরেই ৪৫০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন তিনি। এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার দেওয়া হবে ‘সন্ত্রাসবাদ’ দমনের জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অর্থ সহায়তার বাইরে আরও নানা বিষয় নিয়ে কথা বলেন লঙ্কান প্রেসিডেন্ট। দুই নেতার আলোচনায় ঠাঁই পায় তামিল ইস্যু, নিরাপত্তা বৃদ্ধি ও বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো। সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে নরেন্দ্র মোদি জানান, তিন লঙ্কান প্রেসিডেন্টকে নিশ্চিত করেছেন যে, তার দেশকে এগিয়ে যেতে পূর্ণ সহায়তা দেবে দিল্লি। গত এপ্রিলে কলম্বোয় সিরিজ হামলায় ২৫০ জন নিহতের ঘটনাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, কিভাবে যৌথভাবে সন্ত্রাস দমন করা যায়; তা নিয়ে আমি প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। দেশটির পুলিশ কর্মকর্তারা সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ের বিষয়ে ভারতীয় সংস্থায় প্রশিক্ষণ নিচ্ছেন। তামিল ইস্যুতে মোদি বলেন, তার আত্মবিশ্বাস লঙ্কান সরকার দেশটির তামিল সম্প্রদায়ের দাবি পূরণ করবে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী ও উন্নত শ্রীলঙ্কার প্রত্যাশা থেকেই মানুষ আপনার প্রতি গণরায় দিয়েছে। ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কলম্বোর প্রতি সব সময় সহযোগিতা ও শুভ কামনা রয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানান, নরেন্দ্র মোদির সঙ্গে তার কথোপকথন ‘ফলপ্রসূ’ হয়েছে।

