‘কে কী ভাবছে পাত্তা দেই না’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। অর্জন করেছেন সম্মানজনক অনেক খেতাব। শুধু মডেলিং বা অভিনয় নয়, ক্রিকেটপ্রেমী বাংলাদেশী ভক্তদের কাছে তিনি দারুণ জনপ্রিয় একজন উপস্থাপিকা। প্রথম বাংলাদেশী নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কভারচিত্রে জায়গা করে নেন জান্নাতুল পিয়া। নিজের সমসাময়িক ব্যস্ততা নিয়ে পিয়া গণমাধ্যমে বলেন, ফ্যাশন মডেল হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছি। বিভিন্ন চ্যানেলে উপস্থাপনাও করছি। এছাড়া নিজের ব্যবসা ও আইন পেশা নিয়েও সময় দিতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই পিয়াকে খোলামেলা পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়, এ প্রসঙ্গে তিনি বলেন, কে, কীভাবে আমার ছবি নিয়ে ভাবছে বা মন্তব্য করছে, তা একেবারেই পাত্তা দিই না। আমার প্রতিদিন ফেসবুকে প্রায় এক হাজারের মতো মেসেজ আসে। অনেকেই লেখেন, ‘আপু আপনাকে ভালোবাসি।’ এখন তা দেখে যদি গাল ফুলিয়ে বসে থাকি, তাহলে কীভাবে চলব। আরেকটা বিষয় দেখুন, সমালোচনা কিন্তু সবাইকে নিয়ে হয় না। কেউ একজন ভালো কিছু করল, আর অমনি তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়। বিশেষ করে মেয়েরা যদি তাদের ক্যারিয়ারে উন্নতি করেন, তাহলে তাদের চারপাশে শুরু হয় নেতিবাচক কথা। চলচ্চিত্রে নিজের ব্যস্ততা নিয়ে পিয়া বলেন, নতুন দুটি ছবিতে কাজ করছি। একটি হচ্ছে ‘মাসুদ রানা’ আর অন্যটি হচ্ছে ‘স্বপ্নবাজি’। ‘মাসুদ রানা’র জন্য ফাইটিং, নাচ শিখতে হচ্ছে। এ ছবিতে একটি গানই রয়েছে। আইটেম গানটিতে আমি পারফর্ম করছি। কিছুদিনের মধ্যে এর দৃশ্যধারণ হবে। আর পরই শুরু করব রাফহান রাফির ‘স্বপ্নবাজি’র কাজ।

