প্রসেনজিত্-জয়ার রসায়ন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
বড়দিন উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান ও প্রসেনজিত্ অভিনীত প্রথম সিনেমা ‘রবিবার’। ইকো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অতনু ঘোষ। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জয়া-প্রসেনজিত্। আর তাই তো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল ছবিটির পোস্টার। এরপর দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। এবার সামনে আসল ছবিটির ট্রেলার। গত শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ‘রবিবার’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জয়া আহসান, প্রসেনজিত্ চ্যাটার্জি, অতনু ঘোষ, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র প্রমুখ। ‘রবিবার’ ছবির গল্প সোহিনী ও অম্বরীশকে নিয়ে। কোনো এক রবিবার তাদের পরিচয় হয়েছিল। এরপর মাঝে কেটে যায় ১৫ বছর। ফের তাদের দেখা হয়। এর মাঝে ঘটে যায় অনেক ঘটনা। অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘বুম্বাদার (প্রসেনজিত্) সঙ্গে এটি প্রথম কাজ। এজন্য উচ্ছ্বাস কাজ করছে। তার মতো ক্ষমতাধর ও অভিজ্ঞ একজন শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাকিটা আমাদের কাজ কথা বলবে।’ চলচ্চিত্র প্রসঙ্গে প্রসেনজিত্ চ্যাটার্জি বলেন, ‘ময়ূরাক্ষীর পর অতনুর সঙ্গে আমার এটি দ্বিতীয় চলচ্চিত্র। কাজটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। কারণ এর আগে এ ধরণের চরিত্রে অভিনয় করিনি। ভারত বর্ষের দর্শকও এ ধরনের চরিত্র দেখেননি। চরিত্রটির অদ্ভূত দিক আছে, জাদুকরী শক্তি আছে, যা সে ব্যবহার করে। তার জীবন থেকে হারিয়ে যাওয়া এক ব্যক্তির সঙ্গে এক রবিবার দেখা হয়। আর এ বিষয়টি নিয়েই চলচ্চিত্রটির গল্প।’

