বিজয়ের দিন থেকে চলবে বঙ্গবন্ধু এক্সপ্রেস
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮
ঢাকা ও উত্তরবঙ্গে সহজে যাতায়াতের জন্য ১৬ ডিসেম্বর থেকে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ ট্রেনের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’। ট্রেনটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে সরিষাবাড়ি জামালপুর পর্যন্ত চলাচল করবে। তথ্যপ্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি বিজয়ের মাসে নতুন ট্রেন বিজয়ের বেশে আসার কথা নিশ্চিত করে বলেন, নির্বাচনী এলাকায় জামালপুরের সরিষাবাড়িবাসীর প্রাণের দাবি পূরণ হতে হবে এ বিজয়ের মাসেই। এছাড়াও প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সরিষাবাড়ি আধুনিক রেলস্টেশন। যার টেন্ডার প্রক্রিয়া শেষ হবে এ সপ্তাহেই। অ্যাডভোকেট মতিয়র রহমানের নামে নির্মিত স্টেশনটিও দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এর আগে ২ অক্টোবর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সরিষাবাড়ি আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসেম্বরের মধ্যে উত্তরবঙ্গ রুটে দুটি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্তের ঘোষণা দেন। এছাড়াও তিনি জনসভায় সরিষাবাড়ির জরাজীর্ণ রেলস্টেশনটি মডেল স্টেশন, ওভারব্রিজ নির্মাণ ও অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলস্টেশন দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে মতিয়র রহমান তালুকদার স্টেশনের বুকিং সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আমি শুনেছি ১৬ তারিখ থেকে আন্তঃনগর ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ ট্রেনটি চালু হতে যাচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে। সরিষাবাড়ী স্টেশন মাস্টার আবদুর রাজ্জাক জানান, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি ও তারাকান্দি রেলস্টেশন হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত চলাচলকারী তিনটি লোকাল ট্রেনের সঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকা-উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর সময়সূচির মিল না থাকায় যাত্রীরা ঢাকা ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোয় ভ্রমণের সুবিধা ভোগ করতে না পারায় তিনটি লোকাল ট্রেনে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ১৯৮৬ সালের পর রেলওয়েতে কোনো জনবল নিয়োগ দেয়া হয়নি। তাই বিভিন্ন সাব-স্টেশন জনবল শূন্য রয়েছে।

