ফখরুলের হুঁশিয়ারি – বিদ্যুতের দাম বাড়ালেই রাজপথে নামবো
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা গত কয়েক দিনে প্রকাশিত কিছু সংবাদ শিরোনামেই পরিষ্কার।’ নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হলেই রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এখন পেঁয়াজের কেজি ২০০-২৩০ টাকা। গত এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ৪৩৭ শতাংশ। পেঁয়াজের পাতার দামও ১০০ টাকা। বাজারে এমন কোনও সবজি নেই যার দাম ৮০-১০০ টাকার কম।’ সরকার বাজার নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যেও দামের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০০৬ সালে মোটা চাল কেজি ছিল সাড়ে ১৭ টাকা, এখন ৩৪-৪০ টাকা। পেঁয়াজের দাম ৮-২০ টাকা ছিল, এখন তা ১৩০-২৩০ টাকা। সয়াবিন তেল ছিল ৪৮-৫৫ টাকা, এখন তা ৮০-১১০ টাকা। গরুর মাংস ছিল ১৪০-১৫০ টাকা, এখন ৫৩০-৫৫০ টাকা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

