মুজিববর্ষে উদ্বোধন হবে খুলনার শেখ রাসেল ইকোপার্ক
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন। সেই সুন্দরবন রক্ষার পাশাপাশি নতুন আরেক ছোট্ট সুন্দরবন সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এরইমধ্যে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষে’ (২০২০ সালে) পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, খুলনা মহানগরীর খুবই কাছে রূপসা সেতু থেকে দেড় কিলোমিটর দক্ষিণে কাজীবাছা নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে শেখ রাসেল ইকো পার্ক। প্রায় ৪৪ একর সরকারি জায়গাটিকে নদীর তীর দিয়ে উঁচু বাঁধ দিয়ে বেষ্টিত করেছে পানি উন্নয়ন বোর্ড। এরইমধ্যেই সেখানকার দখলদারদের পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রকল্পের মূল কাজ শুরু হয়েছে। এখন স্থাপনা নির্মাণ ও বনায়নের কাজ চলছে। পার্কটিকে দৃষ্টিনন্দন করতে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীনের দেওয়া তথ্যমতে, শেখ রাসেল পার্কে থাকবে মিনি সুন্দরবন, ফিশিং জোন, টয় ট্রেন, ঝুলন্ত ব্রিজ, ওয়াটার ওয়ার্ল্ড, ফুড জোন, অবজারভেশন টাওয়ার, পিকনিক স্পট, কিডস কর্নার, অডিটরিয়াম, থিয়েটার, ফুট ট্রেইল, পার্কিং জোন, ওয়াকওয়ে, রেস্ট হাউজ, সুইমিং পুল, মেরিন ড্রাইভ, প্লে গ্রাউন্ড, জগিং ট্র্যাক, জিমনেশিয়াম ও রিভার ক্রুজ।

