বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জমিয়তের
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২
ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ। গত সোমবার (২ ডিসেম্বর) দেশটির সর্বোচ্চ আদালতে এ আবেদন করা হয়।শতাব্দী প্রাচীন বিবাদে ইতি টেনে গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে, বিতর্কিত ২.৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অযোধ্যার যেকোনও স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি। সর্বোচ্চ আদালতের এ রায়ের কয়েকদিন পর সংবাদমাধ্যম পিটিআই’কে দেওয়া এক সাক্ষাত্কারে জমিয়ত উলামার প্রধান আরশাদ মাদানি বলেছিলেন, ‘আদালত আমাদের অধিকার দিয়েছে, আমরা অবশ্যই পুনর্বিবেচনার আবেদন করবো।’ এর কয়েকদিন পর এই আবেদন করা হলো। সোমবার দায়ের করা আবেদনে তিনি জানিয়েছেন, ‘বাবরি মসজিদের জমি রামমন্দির নির্মাণে দেওয়ার রায়ে নাখোশ হয়েছে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান।’ জমিয়তের এ শীর্ষ নেতার মতে, বাবরি মসজিদ মামলার প্রধান তর্কই ছিল মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ হয়েছিল কিনা- তা নিয়ে। তিনি বলেছেন, ‘আদালতই বলেছে, মন্দির ভেঙে মসজিদ হয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। অর্থাত্ মুসলিমদের দাবি সঠিক। তবে চূড়ান্ত রায় হয়েছে এর বিপরীত। ’ সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর মামলার অন্যতম বিবাদী সুন্নি ওয়াকফ বোর্ড ওই নির্দেশনা মেনে নিয়ে পুনর্বিবেচনার আবেদন করা হবে না বলে জানায়। তবে অন্য বিবাদী পক্ষ জমিয়ত উলামা-ই-হিন্দ ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল রায় পুনর্বিবেচনার আবেদনের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় আবেদন করলো জমিয়ত। আর আগামী ৯ ডিসেম্বরের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল।

