রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর মেসির

রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর মেসির

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর (পুরুষ বর্ষসেরা) জিতলেন আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি। মাত্র সাত পয়েন্টর ব্যবধানে এবার ফুটবলের মর্যাদাপূর্ণ এ পুরস্কার জিতলেন তিনি। এবারের ব্যালন ডি’অর জিতে তার প্রতিদ্বন্ধী পাঁচবার ব্যালন ডি’অর জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন। রোনালদো এবার ব্যালন ডি’অরের দৌঁড়ে তিনে ছিলেন। ব্যালন ডি’অরের দৌঁড়ে দুইয়ে থাকা নেদারল্যান্ড ও লিভারপুল ডিফেন্ডার ভার্জল ফন ডাইকের চেয়ে মাত্র ৭ পয়েন্টে এগিয়ে থেকে মেসি পুরস্কারটি ঘরে তুললেন। প্যারিসে গত সোমবার (২ ডিসেম্বর) এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কারটি, ব্যালন ডি’অর ২০১৯।

বরাবরের মতো গত মৌসুমটাও দারুণ কাটে মেসির। বার্সেলোনাকে লা লিগা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ও কোপা দেল রের ফাইনালে ওঠাতেও বড় অবদান ছিল আর্জেন্টাইন তারকার। ক্লাব পর্যায়ে ব্যক্তিগত নৈপুণ্যে আরও বেশি উজ্জ্বল ছিলেন বার্সেলোনা অধিনায়ক। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে একই সঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগে করেন সর্বোচ্চ ১২ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলে ৫৪ গোল করেন মেসি। জাতীয় দলের হয়ে মৌসুমটা অবশ্য ভালো কাটেনি তার। কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় তার দেশ আর্জেন্টিনা। টুর্নামেন্ট জুড়ে ছিলেন নিস্প্রভ। তবে বর্ষসেরা স্বীকৃতি পেতে তা বাধা হতে পারেনি। চলতি মৌসুমের শুরুতে চোটের কারণে বেশ কয়েক ম্যাচ বাইরে ছিলেন তিনি। তবে মাঠে ফিরে এরই মধ্যে স্বরূপে ফিরেছেন বার্সেলোনা অধিনায়ক। আসরে এখন পর্যন্ত করেছেন সর্বোচ্চ ৯ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচটি। নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন আমেরিকার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরোয়ার্ড মেগান র্যাপিনো। আর সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার ‘কোপা অ্যাওয়ার্ড’ পেয়েছেন এই মৌসুমে আয়াক্স থেকে ইউভেন্তুসে যোগ দেওয়া মাটাইস ডি লিখট। ডাচ এই ডিফেন্ডারের হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। আর ‘ফ্রান্স ফুটবল’-এর পক্ষ থেকে প্রথমবারের মতো দেওয়া সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’ জিতেছেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জেতা আলিসন। তার হাতে পুরস্কারটি তুলে দেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading