বিশ্ব ইজতেমা শুরু ১০ জানুয়ারি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪
তাবলিগ জামাতের বৃহত্ সমাবেশ তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর চার দিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইতজেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের শেষ দিন ১২ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ১৯ জানুয়ারি উভয় পর্বে মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ৫০তম বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে প্রথম পর্ব বাস্তবায়নের কর্মী ইজতেমার মুরুব্বি মো. মামুনুর রশীদ একথা জানিয়েছেন।
এদিকে, এবারের বিশ্ব ইজতেমাকে সফল ও স্বার্থক করার জন্য ইজতেমা আয়োজক কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে মাঠ প্রস্তুতির কাজ গত এক মাস যাবত বেশ জোরেসোরে এগিয়ে চলছে। শত শত স্বেচছাসেবী প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করে যাচ্ছেন। তারা এখন মাঠের ভেতরে বাঁশের খুঁটি সারিবদ্ধ ভাবে লাগানো, কাঁচা টয়লেট নির্মাণ, গ্যাস, পানি, বিদ্যুত্, রাস্তা সংস্কার সহ সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন। গাজীপুর-২ আসনের এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রস্তুতি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন।

