চট্টগ্রামে জমে উঠেছে আউটার স্টেডিয়ামের বিজয় মেলা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৪
দেখতে দেখতে জমে উঠেছে আউটার স্টেডিয়ামের বিজয় মেলা। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। কম দামি নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা বেশি হওয়ায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের লোকজনের আনাগোনা বেশি এ মেলায়। সরেজমিন দেখা গেছে, মেলার মূল আকর্ষণ মাটির তৈরি হাঁড়ি, পাতিল, ফুলদানি, শোপিস, মেয়েদের আকর্ষণীয় গহনা, শীতের শাল, ব্লেজার, সোয়েটার, জামদানি শাড়ি, থ্রিপিস, শিশুদের খেলনা, মুখরোচক খাবার, খেজুরের গুড়, রকমারি আচারের দোকানগুলোতে বিক্রেতাদের দম ফেলারও ফুরসত মিলছে না। একটি স্টলের নাম ‘ভাবির সুখের সংসার’। যেখানে অ্যালুমিনিয়ামের কড়াই, পাতিল, কলসি, দা, বটি, পিঁড়ি, কাঠ, লোহা, ননস্টিক ও স্টিলের অত্যাবশ্যকীয় গৃহস্থালি পণ্য মিলছে। স্বাভাবিকভাবেই নারীদের ভিড় বেশি এ স্টলে। মেলায় কেনাকাটা করতে আসেন গৃহিণী ফেরদৌস আরা। তিনি বলেন, বৈশাখে লালদীঘিতে জব্বারের বলীখেলা, পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বারের বাণিজ্য মেলার পর আউটার স্টেডিয়ামের বিজয়মেলার জন্য অপেক্ষায় থাকেন চট্টগ্রামের মানুষ। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। সবার জন্য উন্মুক্ত আর ভেরাইটি পণ্য থাকায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন সবাই। তবে দর কষাকষি করতে না জানলে ঠকার আশঙ্কা আছে। মেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে কুমিল্লা খাদি কালেকশন, সৌরভ খাদি ভাণ্ডারে মিলছে সুন্দর সুন্দর থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, শার্টসহ আকর্ষণীয় সব পোশাক। পূর্ব গেট দিয়ে ঢুকতেই চায়না গিফট কর্নার। যেখানে খেলনা, কুশন, শোপিস, পুতুল, পাপোশ, গৃহস্থালি সামগ্রীর প্রতিটি পণ্য ১৩০ টাকা। পূর্ব প্রান্তে তিশা জামদানির স্টলে ১ পিস থ্রিপিস ৩০০- ৫০০, ২ পিস ৫০০-৯০০, ৩ পিস ১২০০ টাকায় মিলছে। ৭৫০, ১০৫০, ১৩৫০ টাকার শাড়িতে ১০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ঢাকাই জামদানি শাড়ি প্রতিটি ৩-৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দক্ষিণ পূর্বপ্রান্তে রয়েছে দেশবন্ধু ফ্যান্টাসি পার্কের নৌকা, রাইড, বেলুন শ্যুটিং, দোলনা, ৩০ টাকায় এসএম সারোয়ারের পরিচালনায় গেম অব ডেঞ্জার কার ও মোটর সাইকেল প্রদর্শনী।

