কুমিল্লায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

কুমিল্লায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৮

শীত মৌসুমের আগমণী বার্তার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্য খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। বৈচিত্র্যপূর্ণ ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। এক একটি ঋতুর রয়েছে এক একটি বৈশিষ্ট্য। তেমনই এক ঋতু হেমন্ত। এ ঋতুতেই দেখা মেলে শীতের। এ শীতের সময়ই পাওয়া যায় সুস্বাদু পানীয় খেজুর গাছের রস। শীতের সকালে মিষ্টি রোদে বসে এ সুস্বাদু খেজুর গাছের রস পানের মজাই যেন আলাদা। শীতের ভরা মৌসুমে রস সংগ্রহের জন্য শীতের আগমণের শুরু থেকেই রস সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠেছেন গাছিরা। এর ফলে অযত্নে অবহেলায় পড়ে থাকা কুমিল্লার গ্রামগঞ্জের খেজুর গাছের কদর বেড়েছে। এখনো তেমন একটা শীতের দেখা না মিললেও এরই মধ্যে খেজুর রস সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন অনেকেই। প্রতি বছরে ৪ মাস খেজুর গাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করা হয় যা দিয়ে গুড় তৈরি করা হয়। এ রস অত্যন্ত সুস্বাদু ও মানবদেহের উপকারিতার কারণে মানুষের কাছে জনপ্রিয় হয়ে থাকে। শীতকালে শহর থেকে মানুষ ছুটে আসে গ্রাম বাংলার খেজুর রস খেতে। রস আহরণকারী গাছিদের প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায় এ সময়ে। রস জ্বালিয়ে পাতলা ঝোলা, দানা গুড় ও পাটালি তৈরি করেন তারা। যার স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ রূপে ভিন্ন। যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। খেজুর গাছ ৮ থেকে ১০ বছর পর্যন্ত রস দেয়। এটাই তার বৈশিষ্ট্য। শীতের পুরো মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার পালা। এছাড়া খেজুর পাতা দিয়ে আর্কষণীয় ও মজবুত পাটি তৈরি হয়। এমনকি জ্বালানি কাজেও ব্যাপক ব্যবহার হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন কারণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব খেজুর গাছ এখন বিলুপ্তির পথে। এ ব্যাপারে চান্দিনার রসুলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, শীত মৌসুমের শুরুতেই আমি খেজুর গাছের রস সংগ্রহের কাজ করে থাকি। বছরের এ ৪ মাস খেজুর গাছের রস সংগ্রহ করে থাকি। কাঁচা রস বিক্রির পাশাপাশি এ রস থেকে পাটালি ও ঝোলা গুড় তৈরি করে বাজারে বিক্রি করি। কুমিল্লার পানিপড়া গ্রামের কামরুল হাজী বলেন, গ্রাম বাংলার এ ঐতিহ্যকে ধরে রাখতে চাইলে আমাদের সবার উচিত তালগাছের মতো বেশি করে খেজুর গাছ লাগানো এবং তা যত্ন সহকারে বড় করা। যদি আমরা আমাদের এ হাজার বছরের ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য ধরে রাখতে চাই তাহলে এ কাজে আমাদের সবার এগিয়ে আসা উচিত। মাঝিগাছা গ্রামের আবদুল করিম বলেন, দিন দিন খেজুর গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রতি বছর শীত মৌসুমে খেজুর গাছের রস, গুড়, পাটালির চাহিদা ঠিকমতোই থাকে। তবে গাছ হ্রাস পাওয়ায় দাম থাকে একটু চড়া। তবু এর স্বাদ নিতে ভুল করেন না সব শ্রেণির মানুষ। প্রথম ধাপে কাঁচা রস প্রতি মাটির ভাড় ১২০ থেকে ১৫০ টাকা হয়ে থাকে। আর পাটালি প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। এ ব্যাপারে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ির অফিসের কৃষি কর্মকর্তা শেখ হাফিজুর রহমান হাদি বলেন, আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কুমিল্লার জেলার বিভিন্ন সড়কের দুই ধার দিয়ে খেজুরের গাছ লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। খেজুর গাছ ফসলের কোনো ক্ষতি করে না। এ গাছের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না। যা সবার রস ও গুড়ের চাহিদা মেটাবে। এ বছর সঠিক সময়ে শীতের আগমন হওয়াতে জেলার বিভিন্ন ইউনিয়নে আগাম খেজুর গাছ ঝুড়া শুরু হয়েছে। এখান থেকে চাষিরা রস আহরণ করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading