জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘সিনেমা হল ডিজিটাল করতে হবে’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘সিনেমা হল ডিজিটাল করতে হবে’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দর্শক ফেরাতে হলে সিনেমা ও সিনেমা হল ডিজিটালাইজড করতে হবে। দেশের জেলা-উপজেলা পর্যায়েও সিনেমা হল ডিজিটাল করতে হবে। কেননা, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। তাদের জন্য সময় উপযোগী বিনোদনের ব্যবস্থা করতে হবে। গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা চলচ্চিত্রের উন্নয়নে অনেক কিছু করেছি। আরও অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের সিনেমা দর্শক হারিয়েছে। কীভাবে দর্শককে আবারও হলে ফেরানো যায় সেজন্য অনেক উদ্যোগ হাতে নিয়েছি আমরা।’ প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮’ পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব আব্দুল মালেক। পুরস্কার প্রদান শেষে শেখ হাসিনা তার বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী ও প্রতিপ্রতিমন্ত্রীর মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের চলচ্চিত্র তথা শিল্প-সংস্কৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগ্রহ, ভালোবাসা ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘শিল্পকলার সবগুলো মাধ্যমের ভেতরে সবচেয়ে শক্তিশালী মাধ্যম চলচ্চিত্র। এর মাধ্যমে মানুষের মনে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। মানুষের মনে গভীর দাগ কাটতে পারে এই চলচ্চিত্র। তাই চলচ্চিত্র নির্মাণ করতে হবে মানুষের জন্য।’ তিনি বলেন, দেশে জঙ্গিবাদ আমরা প্রতিরোধ করছি। শুধু আইনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবর্তন আনা সম্ভব নয়। চলচ্চিত্র এখানে বিরাট ভূমিকা রাখতে পারে। সেদিকে আপনারা আরও বেশি নজর দেবেন। আগামীতে আরও বড় পরিসরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান করা যায় কিনা সে ব্যাপারে ভাবা যেতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেমন আমরা যাদের পুরস্কার প্রদান করছি, তাদের কাজের কিছু অংশ তুলে ধরা যেতে পারে এই অনুষ্ঠানে। ব্যস্ততার কারণে সিনেমা দেখা হয় না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিদেশ যাওয়ার সময় বিমানে দেশের সিনেমা দেখেন বলে জানান তিনি; যা তাকে মুগ্ধ করে। এ সময় বাংলাদেশের নাটকেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ নভেম্বর ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলেন তারকারা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ বসল তারার মেলা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-১৮’। পূর্বঘোষিত ২৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে বিকেল ৪টা ২০ মিনিটে পদক তুলেদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ২০১৭ সালের চলচ্চিত্র হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ ও ২০১৮ সালের সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয় ‘পুত্র’ ছবিকে ২০১৮ সালে দর্শকদের মন জয় করা ‘পুত্র’ বাজিমাত করেছে পুরস্কারের সংখ্যায়। সর্বোচ্চ ১১ শাখায় পুরস্কার পায় ছবিটি। আর ২০১৭ সালে সর্বাধিক ৭ শাখায় পুরস্কার পায় ‘গহীন বালুচর’। ২০১৭ সালের জন্য আজীবন সম্মাননা পান বর্ষীয়ান অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা এবং ২০১৮ সালের জন্য অভিনেতা প্রবীর মিত্র ও আলমগীর। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান যৌথভাবে শাকিব খান- সত্তা [২০১৭] ও আরিফিন শুভ- ঢাকা অ্যাটাক [২০১৭]।  ফেরদৌস [পুত্র] ও সাইমন [জান্নাত] যৌথভাবে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করেন। আলোঝলমল আয়োজনে ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন নুসরাত ইমরোজ তিশা [হালদা] এবং ২০১৮ সালের দেবী ছবির জন্য জয়া আহসান সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান চতুর্থবারের মতো সেরা নায়ক নির্বাচিত হন। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনিও এদিন পদক গ্রহণ করেন। এবার আসরে পঞ্চমবারের মতো চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন চিত্রনায়ক ফেরদৌস। অন্যদিকে আরিফিন শুভ ও সাইমন সাদিক  প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন। জয়া আহসান চতুর্থবারের মতো গ্রহণ করলেন এ পুরস্কার। তিশা ‘হালদা’র মাধ্যমে দ্বিতীয়বার পুরস্কার পেলেন। ২০১৮ সালে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেলেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। একই বছরে সেরা সুরকারের পুরস্কার পেলেন আরেক বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা। এবার বিতর্কের মুখে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা থেকে বাদ পড়েছেন ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের ভারতীয় চিত্র সম্পাদক মো. কালাম। ‘শ্রেষ্ঠ চিত্র সম্পাদক’ ক্যাটাগরিতে নতুন কাউকে পুরস্কার দেওয়া হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading