বঙ্গবন্ধু বিপিএলের বর্ণিল উদ্বোধন

বঙ্গবন্ধু বিপিএলের বর্ণিল উদ্বোধন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৪

মোহাম্মদ শিহাব ষ আগামী বছর শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এর আগে শুরু হলো বঙ্গবন্ধু বিপিএল। বঙ্গবন্ধ বিপিএল অনুষ্ঠিত হচ্ছে বাঙালির বিজয়ের মাসে। তাই এবারের বিপিএলের উদ্বোধনীর আয়োজনটা একটু ব্যতিক্রমীই ছিল। আতশবাজি আর তারার মেলায় পরিপূর্ণতা পায় এই আয়োজন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন জগতের দেশি-বিদেশি তারকাদের পারফর্মেন্স আনন্দ, উচ্ছ্বাসের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে বৈকি! বিশেষ করে বলিউড তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফ, কণ্ঠশিল্পি সোনু নিগমের উপস্থিতি দর্শক শ্রোতাদের উচ্ছ্বাসটা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া এবারই প্রথম বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধুকন্যা ও ক্রিকেটবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটার আয়োজন যে পরিপূর্ণ ছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। ফলে গতকাল রবিবার বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যারা গেছেন, সবাই হাস্যজ্জল মুখ নিয়েই ফিরেছেন অনুষ্ঠান শেষে। সবাই যেন বলতে চেয়েছেন, বড় অংকের টাকা খরচ করে টিকেট কেটে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যেন সবাই ইতিহাসেরই অংশ হয়ে রইলেন।    আগামী বুধবার থেকে মাঠে গড়াবে চার-ছক্কার ধুমধাড়াক্কা ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এর নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। রবিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এই বিশেষ আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্য বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে বিপিএল উদ্বোধনের ঘোষণা দেন তিনি। হোম অব ক্রিকেটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো স্টেডিয়ামই ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। এদিন সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পুলিশ, র্যাব পুরো স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করে। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করেন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। এর কিছুক্ষণ পরই তিনি উদ্বোধনের ঘোষণা দেন বঙ্গবন্ধু বিপিএলের। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই এই টুর্নামেন্ট উপভোগ করবেন। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ এরপর পুরো শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে আতশবাজির ঝলকানি ছিল দেখার মতো। প্রধানমন্ত্রীর আগমনের আগেই অবশ্য কনসার্ট দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ৫টা ২৫ মিনিটে এটি শুরুর কথা থাকলেও বাংলাদেশি শিল্পী মহিদুল ইসলাম খান মঞ্চে ওঠেন সন্ধ্যা ৬টায়। বিসিবির তত্ত্বাবধানে এবার বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মন কেড়েছে। পুরো স্টেডিয়ামকে রাঙানো হয় বর্ণিলভাবে। প্রধানমন্ত্রীর বড় একটা ছবি শোভা পায় পূর্ব গ্যালারিতে। সব মিলিয়ে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বিশেষ এই বিপিএল উদ্বোধন হলো।

বিশেষ এই বিপিএলে সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে এবার দলগুলো পরিচালিত হচ্ছে না। বিসিবি নিজের তত্ত্বাবধানে দলগুলো পরিচালনা করছে। আগামী বুধবার মিরপুরে চট্টগ্রাম ও সিলেট এবং কুমিল্লা ও রংপুর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসরের লড়াই।

পর্দা উঠলো বিশেষ বিপিএলের: রবিবার গোধূলিবেলায় বর্ণিল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। ব্যাট-বলে ক্রিকেটারদের মিলনস্থলে হাজির হলেন হাজারখানেক দর্শক। মঞ্চে উঠে তাদের মাতালেন দেশের ও ভারতের জনপ্রিয় শিল্পীরা। এর মাধ্যমেই বিশেষ বিপিএলের পর্দা উঠলো এদিন জমকালো আয়োজনে। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শকদের সঙ্গে তিনিও উপভোগ করেন কনসার্ট। সন্ধ্যার পর থেকে শুরু হয় জমকালো আয়োজন। অনুষ্ঠান সাজানো হয় দুই ভাগে। প্রথমে পারফর্ম করেন দেশের শিল্পিরা। পরে ইন্ডিয়ান শিল্পিদের পারফর্মের মধ্য দিয়ে চমত্কার আলোঝলমলে উদ্বোধনী শেষ হয়। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার আগে মঞ্চে ওঠেন ডি রকস্টার শুভ। বেশ কয়েকটি গানে তিনি দর্শকদের মাতান। ছিল জেমসেরও জনপ্রিয় কয়েকটি গান। উত্সবমুখর ছিল দর্শকসারি। বিপিএল উদ্বোধন করার পর প্রেসিডেন্ট বক্স থেকে কনসার্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে স্টেডিয়াম আলোকিত হয়ে ওঠে আতশবাজির ঝলকানিতে। মিরপুরের আকাশে ছিল রঙিন আভা। অনুষ্ঠানের আকর্ষণ ছিল এই আতশবাজির ঝলকানি। প্রধানমন্ত্রীও অন্যান্যদের সঙ্গে আতশবাজি উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পরে প্রথমে মঞ্চ মাতান ইন্ডিয়ান জনপ্রিয় শিল্পী সোনু নিগম। ‘শোনও একটি মুজিবুরের কণ্ঠে’ ও ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান গেয়ে সবাইকে অবাক করে দেন তিনি। এর পরে মঞ্চ মাতান ২৫টি ভাষায় গানে পারদর্শী ও ১২শরও বেশি কনসার্টে গান গাওয়া বিশ্বনন্দিত কৈলাশ খের। তখন স্টেডিয়ামে ও বাইরে টিভির পর্দায় এই অনুষ্ঠান উপভোক করেন দেশের অগণিত ক্রিকেট ও সংস্কৃতিপ্রেমিক মানুষ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মঞ্চ কাঁপান বলিউডের বিখ্যাত নায়িকা ক্যাটরিনা কাইফ। হিন্দি গানের সঙ্গে তার নাচে বিনোদিত হন দর্শকরা। এর পর মঞ্চে আসেন সালমান খান। তিনি একা ও পরে ক্যাটের সঙ্গে পারফর্ম করে মন কারেন ভক্ত-দর্শকদের। কনসার্টের পুরো অনুষ্ঠানই স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্স থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে বেশ হাস্যজ্জল দেখাচ্ছিল। মাঝে মাঝে তিনিও ঠোট মিলিয়েছেন কণ্ঠশিল্পিদের সঙ্গে। তাছাড়া দর্শক হিসেবে প্রধানমন্ত্রীকে দেখা গেছে, হাততালি দিয়ে উত্সাহিত করছেন শিল্পিদের। এভাবেই বিশেষ বিপিএলের আলোর ঝলকানি শেষ হয় প্রায় রাত ১১টার দিকে। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading