মিস ইউনিভার্স হলেন দক্ষিণ আফ্রিকার তুনজি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২
২০১৯ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন দক্ষিণ আফ্রিকার মেয়ে জোজিবিনি তুনজি। জর্জিয়ার আটলান্টা শহরে স্থানীয় সময় গত রবিবার (০৮ ডিসেম্বর) রাতে তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০১৮ ক্যাটরিওনা গ্রে। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন। ২৬ বছর বয়সী তুনজি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বসবাস করেন। তিনি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বেশ সক্রিয়। এক প্রতিক্রিয়ায় জোজিবিনি তুনজি বলেন, ‘আমি এমন এক স্থানে বড় হয়েছে যেখানে নারীরা দেখতে আমার মতো। তাদের চুল, ত্বকের রঙ আমার মতো। তাদেরকে কখনো সুন্দরী বিবেচনা করা হয়নি। আমি মনে করি, এবার বিষয়টি বন্ধ হওয়ার সময় এসেছে।’ এবার মিস ইউনিভার্সের ৬৮তম আসরের মূল পর্বে বিশ্বের ৯০টি দেশের প্রতিযোগী অংশ নেন। সেখান থেকে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকান এই তরুণী। প্রথমবারের মতো বাংলাদেশও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কিন্তু মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা সেরা বিশেও জায়গা করে নিতে পারেননি। গত ২৩ অক্টোবর ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। সেখানে সেরা ১০ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলা। বিজয়ী শিলার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস ইউনিভার্স ৯৪’ বিজয়ী সুস্মিতা সেন।

