আন্তর্জাতিক বঙ্গবন্ধু ব্যাডমিন্টন শুরু
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড ফেডারেশন ব্যাডমিন্টন এশিয়ার সার্বিক তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। গতকাল (১০ ডিসেম্বর) ঢাকার শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামের টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। টুর্নামেন্টের এ আসরে স্বাগতিক বাংলাদেশসহ মোট ১৯ দেশ অংশ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্ট জাতির পিতার মহান স্মৃতির উদ্দেশে নিবেদিত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি। ১০-১৫ ডিসেম্বর টুর্নামেন্টের সিনিয়র ও ১৭-২২ ডিসেম্বর জুনিয়র বিভাগে খেলা হবে। এতে অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকা- চার মহাদেশের ১৯ দেশের ১১২ পুরুষ ও ৫৬ নারীসহ মোট ১৬৮ প্রতিযোগী অংশগ্রহণ করবেন। সিঙ্গাপুরের ইউনেক্স-সানরাইজ কোম্পানির টাইটেল ও ইকুইপমেন্ট স্পন্সরশীপে আয়োজিত এ টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে বেক্সিমকো কমিউনিকেশনস লি. (আকাশ), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), প্রিমিয়াম ব্যাংক লিমিটেড ও ইনডেক্স গ্রুপ। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এটিএন বাংলা। অংশগ্রহণকারী দল: অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিসর, ইন্ডিয়া, জাপান, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মরিশাস, আয়ারল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ওয়েলস ও স্বাগতিক বাংলাদেশ।

