শুধু আপনাদের কারণেই ফিরছি সুস্মিতা সেন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেন। রুপালি পর্দায় তার রূপের জাদুতে দর্শকদের হূদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দাসতাক, স্রিফ তুম, আঁখে, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়া সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। তার অভিনীত সর্বশেষ বলিউড সিনেমা নো প্রবলেম। যেটি মুক্তি পায় ২০১০ সালে। এরপর বলিউডের সিনেমায় আর তাকে দেখা যাননি। তবে প্রেমিক নিয়ে প্রায়দিনই খবরের শিরোনামে ছিলেন তিনি। দীর্ঘদিনের বিরতি শেষে আবারও বলিউড সিনেমায় ফিরছেন। সম্প্রতি ফেরার ঘোষণা দিয়েছেন এই সাবেক মিস ইউনিভার্স। ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, যে ভালোবাসায় ধৈর্য রয়েছে তা আমি সবসময় পছন্দ করি। এই এক কারণে আমি ভক্তদের ভক্ত। আমাকে পর্দায় দেখার জন্য তারা ১০ বছর ধরে অপেক্ষা করছেন। এই বিষয়টিই দীর্ঘ বিরতিতে আমাকে অনুপ্রাণিত করেছে। শুধু আপনাদের কারণেই ফিরছি। যদিও নতুন সিনেমা নিয়ে কোনো তথ্য জানাননি সুস্মিতা। তবে এর আগে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, সুস্মিতার দুটি গল্প পছন্দ হয়েছে। এর মধ্যে একটিতে তার চরিত্র ভারতের মধ্য প্রদেশের নারী পুলিশ। ২০০৩ সালে সময় সিনেমায় শেষবার তাকে পুলিশের চরিত্রে দেখা গেছে। তবে তিনি চাইছেন এই চরিত্রটি কিছুটা ভিন্ন হোক। তিনি নির্মাতা মুদাসসার আজিজের কাছ থেকেও একটি প্রস্তাব পেয়েছেন। দুলহা মিল গ্যায়া সিনেমাটি ফ্লপ হওয়ার পরও এ অভিনেত্রী এই নির্মাতার সঙ্গে কাজ করতে আগ্রহী। বেশকিছুদিন আগে ফিল্ম সমালোচক রাজীব মসন্দের একটি শো-তে এসে সুস্মিতা জানিয়েছিলেন তিনি ফেরার পরিকল্পনা করছেন। তবে সিনেমার পর্দায় নয়। দেশের অন্যতম দুটি সেরা প্লার্টফর্মে ভীষণই অন্যধরনের দুটি প্রজেক্ট নিয়ে তার কথা চলছে। এমনকি খুব শীঘ্রই হয় সেই দুটির একটির জন্য তিনি হয়ত শুটিংও শুরু করবেন। সূত্র: ইন্ডিয়া ডট কম

