ইউরোপের ৬১ হলে মেড ইন বাংলাদেশ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও আত্মনিভরশীলতার গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’। ইতোপূর্বে অনেকগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। এবার ইউরোপের প্রায় ৬১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই মুহূর্তে সিনেমাটি ফ্রান্সের ৫৩টি, ডেনমার্কের ৭টি ও পর্তুগালের ১টি সিনেমা হলে চলছে। ‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’র পর রুবাইয়াত হোসেনের তৃতীয় সিনেমা ‘মেইড ইন বাংলাদেশ’। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে সিনেমায়। লোকার্নো চলচ্চিত্র উত্সবের ‘ওপেন ডোরস’-এ অংশ নিয়ে চিত্রনাট্যের জন্য সিনেমাটি জিতে নেয় আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার। ফ্রান্স খেকে ওম্যানস ইন্টারপ্রিটেশন অ্যাওয়ার্ড পেয়েছেন ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার প্রধান অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। ‘মেড ইন বাংলাদেশ’-এ অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুত্ফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও সাহানা গোস্বামী। বাংলাদেশের খান টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছে ফ্রঁসোয়া দ্য’আক্তেমেয়ার (ফ্রান্স), আশিক মোস্তফা (বাংলাদেশ), পিটার হিল্ডাল (ডেনমার্ক), পেদ্রো বোর্হেস (পর্তুগাল) ও আদনান ইমতিয়াজ আহমেদ (বাংলাদেশ)।

