ডোপ-কলঙ্ক মুছতে আবেদন করবে রাশিয়া!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
ডোপিং নিয়ে ভুয়া তথ্য দেওয়ার জন্য গত সোমবার (৯ ডিসেম্বর) চার বছরের জন্য নির্বাসিত করা হয় রাশিয়াকে। যে শাস্তির ফলে আগামী বছর অলিম্পিক, প্যারালিম্পিক-সহ কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়া যোগ গিতে পারবে না। এই শাস্তির বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে রাশিয়াকে। সে দেশের রাষ্ট্রপ্রধানের যা ইঙ্গিত, তাতে মনে করা হচ্ছে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (দ্য কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাস) আবেদন করার জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া। সংবাদ সংস্থাকে পুতিন বলেছেন, ‘আমাদের ক্যাস-এ আবেদন করার যথেষ্ট যুক্তি রয়েছে। বিশেষজ্ঞ, আইনজীবীদের এই বিষয়ে বিশ্লেষণ করা খুব গুরুত্বপূর্ণ। তারা এই নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করবেন।’ পুতিন জানিয়েছেন, তিনি সম্মিলিত শাস্তিকে সমর্থন করেন না। ‘রোমান আইনের সময় থেকেই শাস্তি ব্যক্তিনির্ভর হওয়া উচিত। আমার এই মতামতের সঙ্গে সবাই হয়তো একমত হবেন,’ বলেন পুতিন।
তিনি আরও বলেছেন, ‘সম্মিলিত শাস্তি হওয়া উচিত নয়। যারা নিয়ম ভাঙেনি, তাদের উপরে শাস্তির প্রভাব কেন পড়বে? আমার মনে হয় ওয়াডা বিশেষজ্ঞরাও সেটা বুঝবেন। যদি কেউ সে রকম সিদ্ধান্ত নেন, তাহলে পরিচ্ছন্ন ক্রীড়া দুনিয়ার কথা ভেবে তারা এগোচ্ছেন সেটা বিশ্বাস করার জায়গা থাকে না। বরং তার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। যার সঙ্গে খেলাধুলোর স্বাথর্রক্ষা বা অলিম্পিক নীতির কোনও সম্পর্ক নেই।’

