আইজেএসও’এ বাংলাদেশের রেকর্ড সাফল্য
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৪
১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ চারটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জপদক অর্জন করেছে। ৭০টি দেশের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৬ বছর বয়সীদের আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়। গত ১১ ডিসেম্বর দুপুরে দোহায় কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়। বাংলাদেশের পক্ষে রৌপ্যপদক জয় করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অভিষেক মজুমদার সন্তু, বরিশাল ক্যাডেট কলেজের মুহতাসিন আল ক্বাফি, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের কাজী তাসফিয়া জাহিন, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের জাকিয়া তাজনূর চৌধুরী দিয়া। এছাড়া ব্রোঞ্জপদক অর্জন করে ময়মনসিংহ জিলা স্কুলের জুহায়ের মাহদিউল আলম আশফি এবং গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আহমেদ আল-জুবায়ের আনাম। কাতার থেকে বাংলাদেশ দলের কান্ট্রি কো-অর্ডিনেটর ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী জানান, ‘এ যাবত্কালে আইজেএসও-তে এটা বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ৫ম বারের মতো আমরা এখানে অংশ নিয়েছি। বিজয়ের মাসে বাংলাদেশের এমন সাফল্যে আমি আনন্দিত ও গর্বিত।’ বাংলাদেশ দলের পক্ষে রৌপ্যপদক জয়ী অভিষেক মজুমদার সন্তু বলেন, ‘গতবার বেসায়ানায় আমি ব্রোঞ্জপদক পেয়েছিলাম। তখন থেকেই আমার চেষ্টা ছিল এবছর আরো ভালো করা। এবছর বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প অনেক বেশিদিন ধরে হয়েছে এবং ল্যাবের প্রস্তুতিতে জোর দেয়া হয়েছে। যা আমাকে এবং আমাদের দলকে এমন সাফল্য অর্জন করতে সহায়তা করেছে। আমি আনন্দিত।’ কাতারে ছয় সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী ছাড়াও রয়েছেন দলনেতা অধ্যাপক ফারহানা মান্নান ও বিডিজেএসও কো-অর্ডিনেটর মাহমুদ মীম। গতকাল ঢাকা ফিরছে বাংলাদেশ দল। ঢাকা এয়ারপোর্টে দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

