জনপ্রিয় হয়ে উঠছে বোরো ধানের বীজতলা তৈরি পদ্ধতি

জনপ্রিয় হয়ে উঠছে বোরো ধানের বীজতলা তৈরি পদ্ধতি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৬

দেশে খাদ্য উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এর অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগ বোরো ধানের ‘কমিউনিটি বা আদর্শ বীজতলা’ তৈরি পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতিতে কম খরচে বেশি ফসল উত্পন্ন করা যায়। তাই শেরপুরের নকলা উপজেলায় কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠছে বোরো ধানের বীজতলা তৈরির এ পদ্ধতি। চলতি বোরো মৌসুমে নকলা উপজেলার দেড় শতাধিক হেক্টর জমিতে আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করা হয়েছে। এ জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ প্রযুক্তিগত সহায়তার সঙ্গে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণও প্রদান করেছে। এতে কৃষকেরা ধান উত্পাদন খরচ হ্রাস এবং অধিক ফসল উত্পন্নের আশা করছেন। নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২৪৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ৭ হাজার ১১ হেক্টর, উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৬ হাজার ২০৬ হেক্টর ও স্থানীয় জাতের ৩০ হেক্টর জমি রয়েছে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ৬৮৭ মেট্রিক টন চাল। চলতি মৌসুমে বোরো আবাদের জন্য ৮১০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে ১৬০ হেক্টর জমিতে আদর্শ বীজতলা তৈরি করা হয়েছে। সরেজমিনে নকলা উপজেলার পাইস্কা, কুর্শাবাদাগৈড়, চরকৈয়া ও ভূরদী গ্রামে গিয়ে দেখা যায়, ওইসব এলাকার কৃষকেরা বোরো ধান উত্পাদনের জন্য প্রায় অর্ধশত একর জমিতে আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করেছেন। ওই সময় পাইস্কা গ্রামের কৃষক আব্দুল হালিম বলেন, এবার তিনি ৪ একর জমিতে বোরো ধান আবাদ করবেন। এ জন্য ৩০ শতাংশ জমিতে আদর্শ বীজতলা পদ্ধতিতে বীজতলা তৈরি করেছেন। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে তাকে প্রশিক্ষণ ও এক বস্তা বীজধান দেওয়া হয়েছে। হালিম আরও বলেন, এক একর জমিতে ধান আবাদের জন্য আদর্শ পদ্ধতিতে ৮ থেকে ১০ কেজি ধানের বীজতলা লাগে। কিন্তু সনাতন পদ্ধতিতে একই পরিমাণ জমিতে আবাদ করতে ১০ থেকে ১২ কেজি ধানের বীজতলা লাগে। তাই আদর্শ বীজতলা পদ্ধতিতে খরচ কম হয়। আর ধান উত্পাদনও বেশি হবে বলে আশা করা যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading