রাজাকারদের তালিকা প্রকাশ আজ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২
মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রবিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের তালিকা প্রকাশ করবে সরকার। সরকারের পক্ষে এদিন তালিকা জাতির সামনে তুলে ধরবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করবেন তিনি। সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬তলায় অবস্থিত মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকাগুলো ঘোষণা করা হবে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সূফি আব্দুল্লাহ হিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানিয়েছেন, আয়োজিত সংবাদ সম্মেলনে একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের তালিকাও (প্রথম পর্ব) প্রকাশ করবেন মন্ত্রী মোজাম্মেল হক। এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, এটি নতুন কোনও তালিকা নয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রাজাকারদের তালিকা আগে থেকেই রয়েছে। রাজাকার হিসেবে যারা যারা ভাতা নিয়েছে, রাজাকার হিসেবে যাদের নামে অস্ত্র এসেছে, স্থানীয় প্রশাসনের কাছেও অনেক নাম রয়েছে, যারা রাজাকার হিসেবে ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছে-সেসব নাম জোগাড় করেই এই তালিকা আগে থেকেই ছিল। সেই তালিকা ধরেই প্রথম পর্ব প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে রাজাকারদের আরও তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। মন্ত্রী মোজাম্মেল হক জানিয়েছেন, নতুন প্রজন্মকে জানাতেই স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের নাম প্রকাশের এমন উদ্যোগ সরকার নিয়েছে। এসময় মুক্তিযোদ্ধাদের যে তালিকা আগে থেকেই রয়েছে, তার একটি অংশও তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন।

