বাণিজ্য চুক্তিতে সম্মত চীন-আমেরিকা

বাণিজ্য চুক্তিতে সম্মত চীন-আমেরিকা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

চীনের সঙ্গে প্রথম দফা বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এতে আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরেছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) চীন জানিয়েছে, ওয়াশিংটন প্রথম দফা বাণিজ্য চুক্তিতে সম্মত হওয়ায় ধীরে ধীরে শুল্ক কমিয়ে আনা হবে। যুক্তরাষ্ট্রও এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ায় ব্যবসা-বাজারসহ বিভিন্ন বিষয়ে প্রভাব পড়েছিল। এখন এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরবে বলে আশা বিশেষজ্ঞদের। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে গত বছর থেকে বেইজিংয়ের রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিংও মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে। এই বাণিজ্য যুদ্ধ নিরসনে চলতি বছরের মে মাসে ওয়াশিংটন-বেইজিং আলোচনায় বসলেও কোনও চুক্তি ছাড়াই তা শেষ হয়। পরে গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন, অচিরেই দুই দেশের মধ্যে প্রথম পর্যায়ের চুক্তি স্বাক্ষরিত হবে। গত শুক্রবার চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শোউয়েন সাংবাদিকদেরকে জানিয়েছেন, ‘আমাদের দুই দেশের প্রথম দফার বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি নিয়ে ঐকমত্য হয়েছে। এর ফলে আর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না। কিছু কিছু ক্ষেত্রে এর পরিমাণ কমবে।’ শুক্রবার দেওয়া এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘চীনের সঙ্গে আমরা একটি প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। চীনের কর্মকর্তারা কাঠামোগত অনেক বিষয়ে সম্মত হয়েছেন। একই সঙ্গে কৃষিপণ্য, জ্বালানি, শিল্পপণ্যসহ বিপুল পরিমাণে পণ্য ক্রয়ে সম্মত হয়েছেন তারা।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading