পিএসজির জন্য জীবন দিয়ে দেবো নেইমার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪
প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছাড়তে কম চেষ্টা করেননি নেইমার। আগের ক্লাব বার্সেলোনাতে ফিরে যেতে চেয়েছিলেন। সব চেষ্টাই তার ব্যর্থ হয়েছে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় । এখন ফ্রান্সে থেকে যেতে হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাতেই খুব খুশি! গত গ্রীষ্মে নেইমারের বার্সা প্রত্যাবর্তনের সব স্বপ্ন মিশে যায় ধুলোয়। দল বদলের উইন্ডোতে তাকে নিয়ে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত পিএসজিতেই থিতু হতে হয় তাকে। নেইমার অবশ্য ফ্রান্স ফুটবলকে জানিয়েছেন এখন পিএসজিতেই খুব বেশি মনোযোগী তিনি, ‘আশা করছি পিএসজি আমাকে খুব ভালো করেই বোঝে।’ আবার স্পেনে যেতে চান কিনা এমন প্রশ্নে একটু বিরক্ত হয়ে জবাব দিয়েছেন ব্রাজিলীয় তারকা, ‘আমি কেন চলে যেতে চাইবো? চুক্তিতে আমার এখনও দুই বছর বাকি। আর দলটিও আরও উন্নতি করছে।’ দল বদলে হওয়া নাটক নিয়ে তার মন্তব্য, ‘গত গ্রীষ্মে কী হয়েছে এটা সবাই জানে। সবাই জানে আমি কী চেয়েছিলাম, ক্লাব কী চেয়েছিল। আর সবাই কী চেয়েছিল।’ আগে যাই হোক এখন নেইমার শতভাগ দিতে চান পিএসজিকেই, ‘গত বছর অনেক কিছু বলেছি। এখন আমি পিএসজির খেলোয়াড়, ক্লাবটির জন্য আমি শতভাগ দেবো। পিএসজির সাফল্যের জন্য পারলে পিচে জীবনটাই দিয়ে দেবো।’ ইনজুরি আক্রান্ত হওয়ার পর পর পিএসজি ছাড়তে চেয়ে কাউকে কষ্ট দিতে চাননি নেইমার। ব্রাজিলীয় তারকা তার অবস্থান ব্যাখ্যা করলেন সেই ঘটনা প্রসঙ্গে, ‘আমি আসলে কাউকে কষ্ট দিতে চাইনি। আমি প্যারিসেই খুশি। যখন ফুটবল খেলি তখন আরও বেশি খুশি থাকি।’ নেইমার আরও জানালেন তার জীবনের প্রতিটি মুহূর্তে আছে শুধু ফুটবল, ‘জীবনের প্রতিটি মুহূর্তে ফুটবল আমার মনে থাকে সব সময়। এ বিষয়টাই আমার জীবনে সুখ এনে দেয়। কখনও নম্বর ওয়ান হতে খেলি না। তবে এই ইনজুরি আমাকে মেরে ফেলে।’

