২০২১ সালে আসছে মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র ‘সার্ভাইভিং ৭১’ নির্মাণ করেন হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা। যার টিজার চলতি বছরের স্বাধীনতা দিবসে ইউটিউবে আসে। টিজার প্রকাশিত হওয়ার পর পরই প্রশংসা কুড়ায় অ্যানিমেশনটি। সবার একটাই প্রশ্ন কবে মুক্তি পাচ্ছে এটি। অবশেষে জানা গেল এর মুক্তির তারিখ। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, ২০২১ সালের ১৬ ডিসেম্বরে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্যটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ২৬ মার্চ আমাদের টিজারটি রিলিজ হবার পর, অসংখ্য মানুষের ভালবাসা ও সমর্থন আমরা পেয়েছি। এবং এই জন্য আমরা আপনাদের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। ব্যক্তিগতভাবে ২০১৯ সালটি একটু কঠিন গেছে। শারীরিক ও মানসিকভাবে বেশ অসুস্থতার মধ্যে দিয়ে গেছি। যে কারণে টিজার শেষ করার পর আর কাজ করা হয়ে উঠেনি। আর এই কারণেই এর রিলিজের তারিখ পেছানো। আপনারা যারা হতাশ হচ্ছে, দুঃখিত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন বা মুখের কোন চিকন হাসি দিচ্ছেন, তাদের সবার কাছেই আমি ক্ষমা চাচ্ছি। এটি ২০২১ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাবে।’ তিনি আরও জানান, তার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। তার বাস্তব কিছু ঘটনা ছবিতে উঠে আসবে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা ময়মনসিংহের টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী ছিলেন।

