দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফে জ্যাক ক্যালিস
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
বেশ বড় ধরণের রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। বোর্ড পরিচালক থেকে শুরু করে কোচিং স্টাফ, সবখানেই চলছে পরিবর্তনের জোয়ার। হেড কোচ, বোলিং কোচে পরিবর্তন এসেছে আগেই। এবার ব্যাটিং পরামর্শক হিসেবে জ্যাক ক্যালিসকে নিয়োগ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে পুরো বোর্ডকেই ঢেলে সাজাচ্ছেন সাবেক প্রোটিয়া ক্যাপ্টেন গ্রায়েম স্মিথ। এসেই নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেন তারই সাবেক সতীর্থ মার্ক বাউচারকে। বোলিং কোচ হিসেবে নিয়ে এসেছেন বাংলাদেশের সদ্য-সাবেক বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। ব্যাটিং পরামর্শকের দিকটাও ফাঁকা রাখতে চায়নি দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। তাই বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম জ্যাক ক্যালিসকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে তারা। হেড কোচ বাউচারকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত চেয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। সে হিসেবে ক্যালিসের মেয়াদও হতে পারে পরবর্তী বিশ্বকাপ পর্যন্তই।

