টাইগারদের বোলিং কোচ গিবসন!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
দুই বছরের চুক্তিতে এসেছিলেন। তবে ছয় মাস না যেতেই দেশে ফিরে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য সাবেক বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। তার জায়গায় কে আসবেন, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মাঝেই শোনা গেলো, টাইগারদের বোলিং কোচ হতে পারেন ওটিস গিবসন। বর্তমানে বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওটিস গিবসন। গুঞ্জন উঠেছে, তাকে এই বিষয়ে প্রস্তাবও করা হয়েছে। অবশ্য বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ওটিস গিবসনকে তারা কোনো প্রস্তাব দেননি। তবে বিসিবির আরেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন অন্য কথা। তিনি বলেন, গিবসন ভালো কোচ। তাকে ভাবনায় নেওয়া যেতে পারে। তবে বিসিবির পলিসি হলো, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পর ভালো একজনকে বেছে নেওয়া। ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা সাফল্য পাননি ওটিস গিবসন। তবে কোচ হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। ২০১০ সাল থেকে চার বছর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন গিবসন। তার আগে ও পরে দুই মেয়াদে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এর আগে জাতীয় দলের বোলিং কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন।

