ফের দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদী ঢাকার ২ মেয়র, পদে থেকেই নির্বাচন করতে চান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৬
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনানুযায়ী পদে থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন ও উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে তারা আবারও আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে আশা করছেন। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছেন ঢাকার এই দুই মেয়র। এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার সময় সিইসি জানান, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। আর দুই সিটির বর্তমান মেয়ররা এই নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। এ প্রসঙ্গে ঢাকার বর্তমান দুই মেয়রকে প্রশ্ন করা হয়েছিল, নির্বাচন করতে হলে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। আপনারা কি অব্যাহতি নেবেন? এমন প্রশ্নের জবাবে দুই মেয়র গণমাধ্যমকে বলেন, আইন অনুযায়ী যেটি করতে হয় বা আইন যা বলবে আমরা সেভাবে করবো।
তবে যেহেতু আইনে বলা আছে দায়িত্বে থেকেই নির্বাচন করা যাবে। সেহেতু আমরাও ওই আইনের মধ্যে থেকেই নির্বাচনে অংশ নেব। এসময় তারা মনোনয়ন প্রসঙ্গে আশা প্রকাশ করে জানান, দল (আওয়ামী লীগ) এবারও তাদেরকেই মেয়র পদে মনোনয়ন দেবে। এদিকে, গত রবিবার তফসিল ঘোষণার পরই দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। রবিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে বলা হয়, আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ২০১৯ যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। একইভাবে ২৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।

