অ্যান্ডারসনের ১৫০ টেস্ট
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
আজ (২৬ ডিসেম্বর) থেকে বক্সিং-ডে টেস্টের মধ্যদিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আর এই টেস্টে খেলতে নামলেই নিজের নামের পাশে দারুণ এক কীর্তি লিখবেন ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। সেঞ্চুরিয়নের এই টেস্টে নিজের ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলবেন ডানহাতি অ্যান্ডারসন। সেই সঙ্গে তিনি টেস্ট ক্রিকেটারদের এলিট ক্লাবে যোগ দেবেন। যে তালিকায় নাম রয়েছে শচীন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ ও জ্যাক ক্যালিসদের মতো তারকাদের। সাদা পোশাকের ইতিহাসে নবম ক্রিকেটার হিসেবে ১৫০ টেস্ট খেলবেন অ্যান্ডারসন। আর অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ইংলিশ হিসেবে এই মাইলফলকে পা রাখবেন তিনি। এ তালিকায় সবচেয়ে বেশি ২০০টি টেস্ট খেলে সবার ওপরে রয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন। সমান ১৬৮টি করে ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ওয়াহ যথাক্রমে দুই ও তিনে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ড লেজেন্ড ১৬৬ টেস্ট খেলে চারে আছেন। ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল ও ভারতের রাহুল দ্রাবিড় সমান ১৬৪ টেস্ট খেলে পাঁচে ও ছয়ে রয়েছেন। অ্যালিস্টার কুক ১৬১ টেস্ট খেলে সাত আর অস্ট্রেলিয়ান অ্যালান বর্ডার ১৫৬ টেস্টে আটে আছেন। আর অ্যান্ডারসন ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ১৪৯ টেস্ট খেলে পরের অবস্থান। ২০০৩ সালে সাদা পোশাকে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়ার পর এখনও দাপটের সঙ্গেই খেলছেন অ্যান্ডারসন।

