রেলস্টেশনে টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৮:৩০
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ১১টি আসনের ৮টি টিকিটসহ মো. মিজানুর রহমান (৩৮) নামে এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরএনবি)। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান বি-বাড়িয়া জেলার কসবার নেমতাবাদ এলাকার মো. আবু তাহেরের ছেলে। আরএনবির সহকারী উপ-পরিদর্শক মো. শওকত হোসেন সজল বাংলানিউজকে জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের দুটি, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি ও তূর্ণা এক্সপ্রেসের ৪টি ট্রেনের ১১টি আসনের টিকিটসহ ওই কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়। আরএনবির পরিদর্শক আমান উল্লাহ আমান বলেন, ওই টিকিট কালোবাজারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কালোবাজারি রোধে আরএনবির বিশেষ টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত থাকবে।

