জিএম কাদের চেয়ারম্যান, রাঙ্গা মহাসচিব নির্বাচিত

জিএম কাদের চেয়ারম্যান, রাঙ্গা মহাসচিব নির্বাচিত

জাপার রওশন প্রধান পৃষ্ঠপোষক

উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৩০

জাতীয় পার্টির (জাপা) নবম কেন্দ্রীয় কাউন্সিলে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ পার্টির প্রধান পৃষ্ঠপোষকে দায়িত্ব পেয়েছেন। একইসঙ্গে এরশাদের ভাই জিএম কাদের চেয়ারম্যান এবং মসিউর রহমান রাঙ্গা মহাসচিব নির্বাচিত হয়েছেন। এর আগেও তারা দুইজন চেয়ারম্যান ও মহাসচিবের পদে ছিলেন। তবে দলের নতুন পদ সৃষ্টি ও সেই পদে দায়িত্ব দেয়া হলো প্রয়াত এরশাদ পত্নীকে। আগামী তিন বছরের জন্য তারা ওই পদে নির্বাচিত হন।তবে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন ও উপনেতা জিএম কাদেরই থাকছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাপার কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটরা এতে অনুমোদন দেন বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, এর আগে শনিবার সকালে কাউন্সিলের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটাই ছিল  দলটির প্রথম কাউন্সিল। এর আগে ৮টি কাউন্সিলই হয়েছে এরশাদের জীবদ্দশায় এবং তার উপস্থিতিতে। জাতীয় পার্টির গঠনতন্ত্রে তিন বছর পরপর কাউন্সিল করার বিধান থাকলেও পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর কারণে ২৮ ডিসেম্বর নবম কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।

এরশাদের নেতৃত্বে সর্বশেষ ২০১৬ সালের ১৪ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ৮ম কাউন্সিল হয়েছিল। ওই কাউন্সিলে হুসেইন মুহম্মদ এরশাদ কো- চেয়ারম্যানের পদ তৈরি করে তাতে ভাই জিএম কাদেরকে আসীন করেন। পরে স্ত্রী রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যানের পদে বসান। এরশাদ জীবিত অবস্থায় চলতি বছরের ৫ মে তার ভাই জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। এর পর ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান । এর চার দিনের মাথায় বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করেন। এবার সেই কমিটিই কান্সিলে বৈধতা পেল। যদিও রাঙ্গার ওই ঘোষণাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। যার প্রেক্ষিতে চেয়ারম্যান পদে জিএম কাদেরের থাকাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জনতে চেয়ে একটি রুল দিয়েছে। সে বিষয়টি আদালতে এখনও বিচারাধীন। এরই মধ্যে কাউন্সিল করলো জাপা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading