আ. লীগ নিজেদের অর্জন ধ্বংস করেছে: ফখরুল
উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৩০
আওয়ামী লীগের অতীতের সংগ্রামের প্রশংসা করে বর্তমান ভূমিকার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মনে করেন, আওয়ামী লীগের যে লড়াই ছিল, যে গৌরবময় সংগ্রাম ছিল, সব ধ্বংস করে দিয়ে এখন ‘পুতুল সরকার’ প্রতিষ্ঠিত করেছে। এদেশকে তারা পরাধীন করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের শরিক- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কাউন্সিলে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
ইন্ডিয়ার নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইনের বিষয়ে সরকারের নীরবতার সমালোচনা করে ফখরুল বলেন, পাশের দেশে অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমরা মাথা ঘামাতে চাই ন। কিন্তু সেখানকার আইন যদি আমাকে আক্রান্ত করে, তাহলে তো সেই কথা বলার অধিকার অবশ্যই আমাদের আছে। তারা এনআরসি করেছে, কোনো আপত্তি নেই আমাদের। সেই এনআরসিতে বাংলাদেশের মানুষের কথা বারবার বলা হচ্ছে যে, বাংলাদেশের মানুষ অবৈধভাবে ইন্ডিয়ায় প্রবেশ করেছে। সেটা আমরা কোনোমতেই মেনে নিতে পারি না। দুর্ভাগ্য আমাদের, বর্তমান (আওয়ামী লীগ) সরকার এ বিষয়ে কোনো রকমের গুরুত্ব দেয় না। দুর্নীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি চরম পর্যায়ে চলে গেছে। প্রতিটি ক্ষেত্রে, প্রতি জায়গায় দুর্নীতি চলছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
ঐক্যফ্রন্ট নেতাদের পাশে রেখে এসময় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাকও দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই সরকারকে সরাতে হবে। এজন্য আমরা শুধু ঐক্যফ্রন্ট নয়, অন্যান্য জোটগুলো নয়, আমাদের দেশের সমস্ত মানুষকে এক করে, দেশে গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোকে এক করে আজকে লড়াই করতে হবে। ওই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার কথাও বলেন মির্জা ফখরুল।
গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে জেএসডির কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন। জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিকল্পধারার নুরুল আমীন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, জেএসডির তানিয়া রব, মো. সিরাজ মিয়া প্রমুখ।

