ঢাকা সিটিতে আ.লীগের প্রার্থী ঘোষণা রবিবার
উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৫০
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (২০২০) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে ভোট হবে রাজনৈতিক দলের প্রতীকে। তাই এ মুহূর্তে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য মেয়রপ্রার্থীদের ঘুম হারাম হয়ে গেছে। এরই মধ্যে বিএনপি দুই সিটিতে তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা হবে রোববার (২৯ ডিসেম্বর)। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিন্ধান্ত হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের এ জানান। তিনি বলেন, রোববার বেলা ১১টায় অনুষ্ঠেয় সংবাদ সম্মেলন থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এর আগে দলীয় সূত্রে জানা গিয়েছিল, শনিবারের বোর্ড সভার পরই নাম প্রকাশ করবে আওয়ামী লীগ। তবে কাউন্সিল প্রার্থীদের নামও এদিন ঘোষণা হবে কিনা তা জানানো হয়নি। কাউন্সিলরা স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে দল থেকে কাউন্সিলর প্রার্থীদেরও সমর্থন দেয়ার বিগত দিনের ইতিহাস রয়েছে।
প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর ইসি মনোয়ন ফরম বিক্রি শুরু করেছে। মনোয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। গত ২২ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি। তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সংবাদ সম্মেলনে বলেন, ৩১ ডিসেম্বরে দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। সিইসি জানান, ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। দুই সিটিতেই ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

