সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৬১
উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৩০
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে গাড়িবোমা হামলায় অন্তত ৬১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন, রয়টার্স, আল জাজিরা, বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে গাড়িবোমার এ বিস্ফোরণটি হয় বলে বিবিসি’র খবরে বলা হয়। আফ্রিকার দেশটির আমিন অ্যাম্বুলেন্সের প্রতিষ্ঠাতা আব্দিল কাদির আব্দির রাহমান হাজি আদেনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হামলায় অন্তত ৬১ জন নিহত ও আরও অন্তত ৫১ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে। রয়টার্সকে আদেন বলেছেন, হতাহতের সংখ্যা আরও বেশি। মৃতের সংখ্যা বাড়বে বলেই ধারণা করছি।
অপরদিকে, বিস্ফোরণের পরপরই কাছাকাছি এলাকার বাসিন্দা সাবদৌ আলী ১৩ জন নিহতের খবর নিশ্চিত করেছিলেন। তিনি জানান, বিস্ফোরণের বিকট শব্দ শুনে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন। ‘অসংখ্য আহত ব্যক্তি সাহায্যের জন্য কাতরাচ্ছিলেন; পুলিশ তখন গুলি ছোড়া শুরু করলে আমি ফের ঘরে চলে আসি,’ রয়টার্সকে টেলিফোনে এমনটাই বলেছেন ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।
আহতদের অনেককে কাছাকাছি মদিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সেখানে থাকা রয়টার্সের এক প্রতিবেদক নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলা মোগাদিশুর মেয়র ওমর মাহমুদ প্রাথমিকভাবে বিস্ফোরণে অন্তত ৯০ জন আহত হয়েছে বলে জানান। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, বলেছেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম- ডেইলি মেইলের এক প্রতিবেদনে তল্লাশি কেন্দ্রে গাড়িবোমা হামলায় নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও আছে বলে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার না করলেও সরকারি কর্মকর্তারা হামলার পেছনে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে সন্দেহ করছেন। কারণ, সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে উৎখাতে আফ্রিকান ওই জঙ্গিগোষ্ঠীটি প্রায়ই এ ধরনের হামলা চালায়। হামলার বিস্তারিত ও হতাহতের সংখ্যা নিয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

