গুগলের ডুডলে শিল্পাচার্য জয়নুলের জন্মদিন
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৫২
আজ (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসাধারণ প্রতিভাবান শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৫তম জন্মবার্ষিকী। তার জন্মদিন উপলক্ষে গুগল প্রদর্শন করছে বিশেষ ডুডল। গুগলের বিশেষ ডুডলে দেখা যাচ্ছে- একটি গাছের নিচে বসে তুলি হাতে ছবি (গুগল লেখা) আঁকছেন জয়নুল আবেদিন। পাশ দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে কাঁধে কলস বহনকারী এক ব্যক্তি। যার পোশাকে ধরা পড়ে দুর্ভিক্ষের ছাপ।
১৯১৪ সালের আজকের এদিন তিনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম জয়নাবুন্নেছা ও বাবা তমিজউদ্দিন আহমেদ। মায়ের সোনার মাদুলী বিক্রি করেন চারুশিক্ষা নিতে কলকাতায় গিয়েছিলেন জয়নুল।
নিজের শিল্প-দক্ষতার গুণে ছাত্রজীবনেই সর্বভারতীয় পর্যায়ে সুনাম অর্জন করেন তিনি। পরবর্তী কয়েক বছরে আধুনিক ভারতীয় শিল্পীর নামের তালিকায় জায়গা করে নেন জয়নুল। স্বল্প সময়েই তিনি দেশে বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। গ্রাম বাংলার ছবি আঁকতে তিনি বেশি পছন্দ করতেন। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, বিদ্রোহী, কাক, সাধারণ নারী।
১৯৪৮ সালে ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা তার জীবনের এক মহান কীর্তি। শুধু ইনস্টিটিউট প্রতিষ্ঠা নয়, শিল্প শিক্ষার একটি উন্নত প্রতিষ্ঠান হিসেবে একে গড়ে তুলতেও নিরলস কাজ করছেন তিনি। সমগ্র জাতির মধ্যে তিনি শিল্পশিক্ষার যে বীজ বুনেছিলেন তা আজ পরিণত মহীরুহে। প্রতিষ্ঠাকাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
তিনি সরকারের সহযোগিতায় ১৯৭৫ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিষ্ঠা করেন ‘লোকশিল্প জাদুঘর’ এবং একই বছর ময়মনসিংহে প্রতিষ্ঠা করেন ‘ময়মনসিংহ জয়নুল সংগ্রহশালা’। মৃত্যু অবধি দেশের চিত্রকলার নেতৃত্বে ছিলেন জয়নুল আবেদীন। ১৯৭৬ সালের ২৮ মে ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই শিল্পী।

