এক ঘরে তিন পুরষ্কার
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৫৯
জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল আরটিভি স্টার অ্যাওয়ার্ড। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যেন বসেছিল ছোটপর্দার তারার হাট। এদিন ”এই শহরে ভালোবাসা নেই” টেলিফিল্মের জন্য সেরা অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকের পুরষ্কার ঘরে তোলেন মেহজাবিন চৌধুরী, আরফান নিশো ও মহিদুল মহিম। এ যেন এক ঘরে তিন পুরষ্কার। পুরষ্কার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নির্মাতা মহিম। সৃষ্টিকর্তা, পরিবার ও সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। কারণ তার মতে, পরিবার-সহকর্মীরা তাকে উত্সাহ না দিলে তিনি এত দূর পর্যন্ত আসতে পারতেন না । এই নাটকে নিশো ও মেহজাবিনকে ভিন্ন ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
আরটিভিতে ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত নাটক ও অনুষ্ঠানগুলোর মধ্য থেকে নির্বাচিত সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক, অভিনয়শিল্পী ও কণ্ঠশিল্পীকে দেয়া হয় এ অ্যাওয়ার্ড। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম ভিত্তিক নাটক, এক ঘণ্টার নাটক ও টেলিফিল্ম, ধারাবাহিক নাটকসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পীদের সম্মাননা দেয়া হয় এদিন।
শিল্পীদের সারা বছরের কাজের মূল্যায়ন এবং তাদের অভিনয় দক্ষতার স্বীকৃতি দিতে এমন সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগ আরটিভির। গত ৮ বছরে অনেক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, রচয়িতা, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পীসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে আরটিভি।

