৩০ ডিসেম্বর গণতন্ত্র রক্ষা দিবস : তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১৯:৫৫
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজ (৩০ ডিসেম্বর) গণতন্ত্র রক্ষা দিবস। কারণ এই দিনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষা করেছিল। তিনি বলেন, “এক বছর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি চেয়েছিল ৩০ ডিসেম্বর নির্বাচন ভন্ডুল করে গণতন্ত্র হত্যা করতে। সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে এবং প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছিল। সে হিসেবে আজ হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘মাদ্রিদে জলবায়ু সম্মেলন : পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে যোগদানের পূর্বে সাংবাদিকদের ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
আইডিইবি এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
আইডিইবি’র সভাপতি এ.কে.এম.এ হামিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সেমিনারে আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রাহমান, বিসিজেএফের সভাপতি কাওসার রহমান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক।
বিএনপি অফিসের সামনে ককটের বিস্ফোরণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, অতীতে আমরা অনেক দেখেছি, বিএনপি যখন কোনও সমাবেশ বা আন্দোলনের ডাক দেয়, তখন তারা সাধারণ মানুষের উপর পেট্রল বোমা নিক্ষেপ করেছে। নিজেরা নিজেরা মারামারি করেছে। এগুলো তাদের অভ্যন্তরীণ কোন্দল ছাড়া আর কিছু নয়। সরকারের এক বছরপূর্তি সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বছরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সরকারের তারচেয়ে বেশি অর্জিত হয়েছে।

