৫ম ও ৮ম সমাপনী পরীক্ষার ফল মঙ্গলবার
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১৯:৫৫
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) । এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রদান করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ে পরে পৃথক সংবাদ সম্মেলনে স্ব স্ব মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক জানান, পরে, একই সময়ে ২০২০ শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

