পাল্টা হামলার আশঙ্কা, ইরাকে দূতাবাস খালি করছে আমেরিকা
উত্তরদক্ষিণ অনলাইন । ৩১ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৩২
ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে নেয়া হয়েছে। গত রোববার রাতেই তাদেরকে দূতাবাস থেকে সরিয়ে একেবারে বাগদাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। একইসঙ্গে ইরাকে আমেরিকার প্রধান দুই ঘাঁটি ‘এইন আল আসাদ’ ও ‘কে-ওয়ান’-কে পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।
মার্কিন বাহিনী ইরাকের হাশ্দ আশ শাবি’র কয়েকটি ঘাঁটিতে বিমান হামলা চালানোর পর পাল্টা জবাবের আশঙ্কায় ইরাকে এমন প্রস্তুতি মার্কিন সরকারের। পার্সটুডের খবরে বলা হয়েছে, ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও বিদায়ী প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদিসহ শীর্ষ নেতারা সেদেশের বাহিনীর ওপর মার্কিন হামলার প্রতিবাদ জানিয়েছেন।
গত রোববার শেষ বেলায় এ বাহিনীর ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী। এসব হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর ৫১ জন আহত হয়েছে।

