কক্সবাজারে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:১০
কক্সবাজার মহেশখালী উপজেলায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার বেলা ১২টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম লবণ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে মহেশখালী থানার পরিদর্শক প্রভাষ চন্দ্র ধর জানান। মৃত আহমদ কবির (২৫) বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকার মো. গোলাল সুলতানের ছেলে। আহত নুরুল আলম (২২) একই ইউনিয়নের মাহারা পাড়ার হারু মিয়ার ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী বলেন, “বজ্রপাতে আহত একজনকে দুপুরে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”
স্থানীয়দের বরাতে পরিদর্শক বলেন, বুধবার সকাল থেকে মহেশখালীতে বজ্রপাতসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় লবণ মাঠে কর্মরত দুই শ্রমিক বজ্রপাতে আহত হন। “তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কাবরকে মৃত ঘোষণা করেন। “
কবিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

